
আল আমিন, পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি
মাদককে না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর মাদ্রাসা প্রাঙ্গণে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পানছড়ি থানার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। র্যালিটি মধ্যনগর মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে মাদকবিরোধী সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে পানছড়ি থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে।
তিনি মাদক থেকে দূরে থাকতে বিশেষ করে তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে পুলিশের পাশে থাকার অনুরোধ করেন।
সমাবেশে দৈনিক আজকের জনবাণী পত্রিকা পানছড়ি উপজেলা প্রতিনিধি মোঃ আল আমিন, স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















