
তৌহিদ-উল বারী,বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞ ও দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিলটি বের করা হয়। পরে বাঁশখালীর প্রধান সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে মিছিলটি আবার উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দিনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী সমাবেশটি সঞ্চালনা করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব রাসেল চৌধুরী। বক্তারা বলেন, সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞে জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড কার্যক্রমকে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তারা এর সফলতা কামনা করেন।
তারা আরও বলেন, জনকল্যাণমূলক কর্মসূচিগুলো সম্পর্কে জনগণকে অবহিত করা এবং এসব উদ্যোগের প্রতি জনসমর্থন তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মিছিল ও সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক নুরুল আলম, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা শহিদুল্লাহ, সদস্যসচিব শহিদুল কাইসার বাদশা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আদিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছবুরসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞ ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের পক্ষে নানা স্লোগান দেন।
প্রতিবেদকের নাম 



















