
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মাদারগঞ্জে ইটভাটার চলন্ত মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে এক স্থানীয় বিএনপি নেতার করুণ মৃত্যু হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার ‘ভাই ভাই ব্রিকস’ নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান কমিটির সক্রিয় সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিজ মামা আলহাজ্ব নজরুল ইসলামের মালিকানাধীন ওই ইটভাটার রক্ষণাবেক্ষণ ও সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়রা জানান- কাঁচা ইট তৈরির কাজ চলাকালে অসাবধানতাবশত চলন্ত মোল্ডিং মেশিনের গাড়ির চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন লিয়াকত আলী। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম রনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। স্বজন ও দলীয় সহকর্মীরা তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 


















