
স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এক বিশেষ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা অত্যন্ত কঠোরভাবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করব। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ পরিদর্শন টিম গঠন করা হয়েছে।
পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে এবং কিশোর গ্যাং বা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট নিপুন রায় চৌধুরী পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় জনগণকে সজাগ থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলে উৎসব পালনের আহ্বান জানান। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 
























