
আল আমিন, পানছড়ি খাগড়াছড়ি
খাগড়াছড়ির পানছড়িতে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় পানছড়ি উপজেলায় মোট পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের সবাই পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি উপজেলার সার্বিক ফলাফলেও বিদ্যালয়টি সেরা হয়েছে। প্রতিষ্ঠানটির পাশের হার ৪৫ দশমিক ৮৯ শতাংশ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ দত্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, অভিভাবক সদস্য মো. তোফাজ্জল হোসেন এবং পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাশার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যালয়ের ৪৫ দশমিক ৮৯ শতাংশ পাশের হার সন্তোষজনক। পুরো উপজেলায় এবার সর্বোচ্চ পাশের হার অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এ সাফল্য ধরে রেখে আগামীতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 



















