
পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৪১৯.৫৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি), লোগাং জোন। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ১২টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর জেসিও-৯৩১৪ সুবেদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে ১x সি টাইপ (+) দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনা করে। অভিযানকালে ব্যাটালিয়ন সদর থেকে আনুমানিক ২ কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর এলাকায় (বর্গ-৯২৭৪, এমএস ৭৯ এম/১৫) অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা সেগুন ও গামারী কাঠ আটক করা হয়। আটককৃত কাঠের মধ্যে সেগুন কাঠ ২৫৩.০৩ ঘনফুট (১৯৩ টুকরা) এবং গামারী কাঠ ১৬৬.৫২ ঘনফুট (৭৮ টুকরা)। সবমিলিয়ে ৪১৯.৫৫ ঘনফুট কাঠের ২৭১টি টুকরা আটক করা হয়েছে। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭ হাজার ৮৭৩ টাকা ৫০ পয়সা।
পরে আটককৃত কাঠগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ কাঠগুলো আটক করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় এবং অবৈধভাবে কাঠ পাচার ও মজুতের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।”
প্রতিবেদকের নাম 


















