
স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা, কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের ইমামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরে জমে আছে ময়লা-আবর্জনার পাহাড়। স্তূপীকৃত এই ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দিনের পর দিন এই অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করতে গিয়ে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
অভিভাবকদের ক্ষোভ ও হতাশা
বিদ্যালয়ে সন্তানদের আনা-নেওয়ার সময় অস্বস্তির কথা জানিয়ে একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি স্কুলে গরিবের সন্তানরা পড়ে বলেই হয়তো দেখার কেউ নেই। আশপাশের কোনো বেসরকারি স্কুলের সামনে এমন ময়লার স্তূপ দেখা যায় না। কিন্তু আমাদের বাচ্চাদের প্রতিদিন এই দুর্গন্ধের মধ্যেই ক্লাস করতে হয়।’
পাঠদান ব্যাহত ও স্বাস্থ্যঝুঁকি
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ঘেঁষা সড়কের এক পাশজুড়ে ফেলা হয়েছে নানা ধরনের পচনশীল বর্জ্য। এখান থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে শিক্ষার্থী ও পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকারা জানান, ময়লার উৎকট গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। টিফিনের সময় শিক্ষার্থীরা ঠিকমতো খাবার খেতে পারছে না, খেলাধুলা কিংবা খোলা পরিবেশে সময় কাটানো তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
প্রশাসনের কাছে স্থায়ী সমাধান দাবি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী সাহা জানান, ময়লা অপসারণের দায়িত্বে থাকা কর্মীদের বহুবার বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, ‘আমরা অনেকবার বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা আমাদের কথা না শুনে স্কুলের সামনেই ময়লা ফেলছে। শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না।’
এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ময়লার স্তূপ অপসারণ করতে হবে এবং ভবিষ্যতে যেন বিদ্যালয়ের সামনে ময়লা ফেলা না হয়, সে বিষয়ে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ বিষয়ে ময়লা অপসারণে নিয়োজিত হারুন ও চঞ্চল নামে ব্যক্তিদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।
প্রতিবেদকের নাম 



















