
শেখ রাফসান, মোংলা প্রতিনিধি
মোংলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭/৮ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজের কবিরাজ বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) এর সাথে মোংলা হতে খুলনাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ৭/৮ জন আহত হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা এবং মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে। আহত যাত্রীদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন জানান, আহত হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় আরো কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
প্রতিবেদকের নাম 


















