
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে ভরাট মাটি কেটে পরিবহনের অপরাধে ২টি ড্রাম ট্রাকসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) এ.জে মিন্টুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নাটোর জেলার লালপুর থানাধীন ঈশ্বরদী-বাঘাগামী মহাসড়কের ‘চিনির বটতলা’ নামক স্থানে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে কাটা মাটি ড্রাম ট্রাকে পরিবহনকালে হাতেনাতে চারজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—পাবনা জেলার ঈশ্বরদী থানার পেয়ারাখালী গ্রামের মোঃ কাউসার আলী প্রামানিক (৩০), সারাঘাট গ্রামের মোঃ শরিফুল ইসলাম (২২) ও মোঃ বাঁধন (২০), এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোলাপনগর গ্রামের আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ রায়হান হোসেন (১৬)। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, অবৈধভাবে মাটি কেটে পরিবহনের অপরাধে লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা (মামলা নং-২৯, তারিখ: ২৯/০৯/২০২৬) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















