
মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি: বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক সভা, উঠান বৈঠক এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে লামা সদর রেঞ্জ ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে ফাঁসিয়াখালী-কুমারী এলাকার জাবানুল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি জনসচেতনতার এক মিলনমেলায় পরিণত হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন। তিনি বলেন, বন ও জীববৈচিত্র্য রক্ষায় হাতির ভূমিকা অপরিসীম।
বনভূমি সংকোচন ও মানুষের অনুপ্রবেশের কারণে মানুষ-হাতি সংঘাত বাড়ছে। এটি নিরসনে হাতির নিরাপদ করিডোর সংরক্ষণ এবং স্থানীয় জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। লামা বিভাগীয় বন কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় সভাপতির সমাপনী বক্তব্যে বলা হয়, শুধু আইন প্রয়োগ করে মানুষ ও হাতির সংঘাত রোধ করা সম্ভব নয়। এজন্য হাতির বিচরণপথে প্রতিবন্ধকতা না সৃষ্টি করে এবং আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ডুলুছড়ি রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন এবং বুম বিট কর্মকর্তা মো. রনি পারভেজসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব হাতি দিবসের কর্মসূচির অংশ হিসেবে হাতির আক্রমণসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত চার ব্যক্তির মাঝে মোট ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্তরা হলেন— আবুল হোসেন (৩ লাখ টাকা), নুরজাহান বেগম (৩ লাখ টাকা), হুমাইরা বেগম (দেড় লাখ টাকা) এবং খতিজা বেগম (দেড় লাখ টাকা)। পরে বন বিভাগের উদ্যোগে স্থানীয় জনগণকে নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাতির চলাচলের লক্ষণ শনাক্তকরণ, উপস্থিতি টের পেলে করণীয়, নিরাপদে অবস্থান নেওয়া এবং মানুষ ও বন্য হাতির সংঘাত এড়িয়ে সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে স্থানীয়দের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রতিবেদকের নাম 



















