
লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুরে সাংবাদিকদের লাঞ্ছিত করার অপরাধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রায়হান কবির সুজন এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন লালপুর উপজেলা ছাত্রদলের কর্মী মোঃ জাহিদ হোসেন, মোঃ শফিকুল ইসলাম (শফিক) এবং মোঃ মামুন আলী। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ তারিখে লালপুর উপজেলা পরিষদ চত্বরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সাজিবুল হৃদয় এবং মানবজমিন-এর লালপুর উপজেলা প্রতিনিধি মোঃ রাশিদুল ইসলাম লাঞ্ছিত হন।
উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ছাত্রদল কখনোই মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সকল নেতাকর্মীকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


















