
মোঃ রমজান আলী আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সন্দেশ দীঘি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় মাত্র তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের কেউই পাস করতে পারেনি। ফলে বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
অদ্য ১৩/০৮/২০২৬ তারিখে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় সন্দেশ দীঘি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অনিয়মিত দুইজন এবং নিয়মিত মাত্র তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, তিনজনের কেউই কৃতকার্য হয়নি। আর কৃতকার্য হয়েছে অনিয়মিত ওই দুইজন শিক্ষার্থী। অর্থাৎ বিদ্যালয়টির পাসের হার নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি পরীক্ষার ফলাফল নিয়েও অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। নিয়মিতদের মধ্যে মাত্র তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার পরও একজনও পাস না করায় বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, একাডেমিক তদারকি এবং শিক্ষক-শিক্ষার্থীর শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
অভিভাবকদের অভিযোগ, একজন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান, মডেল টেস্ট, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস এবং শিক্ষকদের নিবিড় তদারকি গুরুত্বপূর্ণ। কিন্তু এসব কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এদিকে বিদ্যালয়টিতে একাধিক শিক্ষক দায়িত্ব পালন করলেও নিয়মিত তিনজন পরীক্ষার্থীর মধ্যে একজনও পাস না করায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে এত কমসংখ্যক পরীক্ষার্থী থাকা সত্ত্বেও শতভাগ ফেল করার কারণ কী তা খতিয়ে দেখতে শিক্ষা বিভাগের কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু ফলাফল প্রকাশ করেই বিষয়টি শেষ না করে বিদ্যালয়টির গত কয়েক বছরের এসএসসি ফলাফল, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষক উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং শিক্ষকদের বিষয়ভিত্তিক দায়িত্ব পর্যালোচনা করা উচিত। একই সঙ্গে বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইন্তাজুল হক দাবি করে বলেন, গতবারের অনিয়মিত ২ জন সহ এবারে মোট পাঁচ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। অনিয়মিত দুই জন পাশ করেছে কিন্তু রেগুলার তিন জন পাশ করতে পারেনি।
আটোয়ারী উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম জানান, যে সকল প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে ওই প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আমরা অতি শীঘ্রই একটা মিটিংয়ের ব্যবস্থা করব। শিক্ষার মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে নিয়মিত মনিটরিং অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
প্রতিবেদকের নাম 



















