
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউপিসি থেকে রাথুরা হয়ে নাটাং পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার এবং নির্ধারিত প্রস্থের চেয়ে কম রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে নিম্নমানের ইট দিয়ে এজিং করা হচ্ছে। এছাড়া সড়কটির নির্ধারিত প্রস্থ ১০ ফুট হওয়ার কথা থাকলেও স্থানীয়রা পরিমাপ করে ৯ থেকে সাড়ে ৯ ফুট পর্যন্ত প্রস্থ দেখতে পান। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় মোকনা ইউপিসি থেকে রাথুরা হয়ে নাটাং পর্যন্ত প্রায় ৩ দশমিক ১১৬ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নিয়ে থ্রি ব্রাদার্স এন্টারপ্রাইজ কাজটির কার্যাদেশ পায়। এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৭ হাজার ৩৮৪ টাকা। সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় নিম্নমানের ইট ব্যবহার এবং সড়কের এজিংয়ের পাশে পর্যাপ্ত মাটি না থাকায় কাজ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মো. আবুল কাশেম ও বাদল বলেন, “নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। রাস্তার দুই পাশে (সোল্ডার) পর্যাপ্ত মাটিও নেই। এছাড়া নির্ধারিত পরিমাপের চেয়ে ৬ থেকে ৭ ইঞ্চি কম প্রস্থে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ কারণে আমরা গ্রামবাসী মিলে কাজ বন্ধ করে দিয়েছি। আমরা পরিমাপের চেয়ে কমও চাই না, বেশিও চাই না। সিডিউলে যেভাবে উল্লেখ আছে, সেভাবেই রাস্তার কাজ করতে হবে।” ঠিকাদার মো. শাহআলম খান ওরফে বাবুল অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “নিম্নমানের কিছু ইট আনা হয়েছিল। সেগুলো পরিবর্তন করে ভালো মানের ইট দিয়ে কাজ করা হবে। আর রাস্তার প্রস্থ কম হওয়ার বিষয়টি মিস্ত্রিদের ভুলের কারণে হয়ে থাকতে পারে। তারা যদি পরিমাপে ভুল করে থাকে, তাহলে সেটি সংশোধন করে দেওয়া হবে। রাস্তার পরিমাপ কম হলে কর্তৃপক্ষ তো আমাকে বিল দেবে না। তাই ইচ্ছাকৃতভাবে রাস্তার প্রস্থ কম করার কোনো সুযোগ নেই। নাগরপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব বলেন, “মোকনা ইউপিসি থেকে রাথুরা হয়ে নাটাং পর্যন্ত সড়কে নিম্নমানের ইট ব্যবহার এবং নির্ধারিত পরিমাপের চেয়ে কম প্রস্থে নির্মাণের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















