
আনছারুল হক,স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গড়ের পাড় এলাকায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ অনুযায়ী, আমিন উদ্দিনের সঙ্গে তার ভাই আফতাব উদ্দিন, আফাজ উদ্দিন, আলেফ উদ্দিন, আলফাজ উদ্দিন ও আলতাফুর রহমানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ১ জুন ২০২৬ (সোমবার) বিকেল আনুমানিক ৪টার দিকে মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গড়ের পাড় এলাকায় ওই বিরোধকে কেন্দ্র করে আমিন উদ্দিনের বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার খবর পেয়ে আমিন উদ্দিনের শ্যালক মহিউদ্দিন, তার ছেলে এবং ভাতিজা আব্দুল করিম ঘটনাস্থলে যান। তারা বাড়িঘর ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয় এবং দা ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে স্বজনরা অভিযোগ করেন।
এতে আব্দুল করিমসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন (মঙ্গলবার) দুপুরে আব্দুল করিম (৪০) মারা যান। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মৌলভীবাজার এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে।
ময়নাতদন্ত শেষে মরদেহ (৩ জুন)পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক ৫ টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় আহত অপর দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, “ঘটনার বিষয়ে মামলা হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের কাজ চলমান রয়েছে।”
পুলিশ জানায়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 



















