
মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামীণ নারী দক্ষতা ও স্বাবলম্বীকরণ কর্মসূচির আওতায় নারীদের আত্মকর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলার রানীগঞ্জ বারপাইকারগড় এলাকায় মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রুবানা তানজিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছাঃ রুবানা তানজিল বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বিকল্প নেই। সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন এবং পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।”
সভাপতির বক্তব্যে মুফতি মনোয়ার হোসেন বলেন, “গ্রামীণ নারীদের কর্মদক্ষ করে তোলাই আমাদের লক্ষ্য। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আধুনিক প্রযুক্তি ও পেশাভিত্তিক শিক্ষায় দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।” তিনি ইসলাম ও নৈতিকতা বিষয় নিয়ে আলোচনা করেন এবং ইসলামে নারীদের যে কর্মসংস্থানের যে সুযোগ আছে সে বিষয়টি তুলে ধরেন।
বিশেষ অতিথি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, “নারীর ক্ষমতায়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।অনুষ্ঠান শেষে নারীদেরকে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ করা হয় যা স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগ দীর্ঘদিন ধরে কাজ করছে।
প্রতিবেদকের নাম 


















