
মিঠুন সাহা, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে লুট হওয়া দুটি পিস্তল উদ্ধারে একক সাফল্যের স্বীকৃতি হিসেবে ডিবির উত্তরের পুলিশ পরিদর্শক আনচারুল করিমকে সিএমপির সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী আনচারুল করিমের হাতে এ পুরস্কার তুলে দেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে উদ্ধার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার হওয়া অস্ত্র দুটি ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের ৯ এমএম পিস্তল। যাচাই-বাছাই শেষে এগুলো ডবলমুরিং থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হয় পুলিশ।
লুট হওয়া সরকারি আগ্নেয়াস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিবির পুলিশ পরিদর্শক আনচারুল করিমকে একক সাফল্যের জন্য সিএমপির সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হয়।
পুরস্কার প্রদানকালে পুলিশ কমিশনার আনচারুল করিমের এ সাফল্যের প্রশংসা করেন এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য তাকে উৎসাহিত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের সফল অভিযান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
প্রতিবেদকের নাম 



















