
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের নামফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী লায়লা আঞ্জুমান বানু, মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশকে আরও গতিশীল ও কার্যকর করে। নতুন একাডেমিক ভবন নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়ের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট অনেকাংশে দূর হবে। পাশাপাশি শিক্ষার্থীরা আধুনিক ও সুন্দর পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুষম উন্নয়নে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, “আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।” অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিবেদকের নাম 



















