
তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):
চট্টগ্রামের বাঁশখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও রিকশাশ্রমিকদের মধ্যে বিনা মূল্যে মশারি বিতরণ করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর জালিয়াখালী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ।
তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী এনামুল হকের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শতাধিক রিকশাশ্রমিকের হাতে বিনা মূল্যে মশারি তুলে দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার কামড় থেকে সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরিবার পরিকল্পনা পরিদর্শক মাস্টার রিদুয়ানুল হকের সঞ্চালনায় এবং মাস্টার আবু তৈয়বের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক শিব্বির আহমদ রানা ও দুবাইপ্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মাহবুবুর আলম সওদাগর, আবুল বশর, মোহাম্মদ নাসির, শহিদ মনির, ডা. এম এ কাদের খান, মোহাম্মদ আলী সওদাগর, মোক্তার সওদাগর, শফি আলম, আনিস সওদাগর ও দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুল আলিমসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও জরুরি। জমে থাকা পানি অপসারণ ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি দিনের বেলায়ও মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সচেতন হতে হবে।
বক্তারা নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মশারি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি রিকশাশ্রমিকদের মধ্যে বিনা মূল্যে মশারি বিতরণের উদ্যোগ নেওয়ায় উদ্যোক্তা এনামুল হকের প্রশংসা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 


















