
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় কবরস্থানের জমিতে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫৬ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া ও বানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় আমগড়া বাজারের কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অর্ধশতাধিক ব্যক্তি কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৮ কাঠা জমিতে কবরস্থানটি নির্মাণ করা হয়েছে। ওই জমি নিয়ে আমগড়া ও বানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমগড়া কবরস্থানের রাস্তার পাশের জমিতে একটি পক্ষ দোকান নির্মাণের চেষ্টা করলে অপর পক্ষ এতে বাধা দেয়। শুক্রবার সকালে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫৬ জন আহত হন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সংঘর্ষের একপর্যায়ে আমগড়া বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমএমএস মাটি বলেন, সংঘর্ষের ঘটনায় অন্তত ৫৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিবেদকের নাম 




















