
আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা প্রতিহত করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে সাথে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে বৃষ্টি উপেক্ষা করে জনগণের পাশে দাঁড়িয়ে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-১১), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় স্থানীয় লোকজন ও নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং জননিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়াটিও সরেজমিনে তদারকি করেন তিনি।
এ সময় নিপুন রায় চৌধুরী বলেন, “সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য বা অপতৎপরতা মেনে নেওয়া হবে না। বৃষ্টি বা যেকোনো প্রতিকূলতায় আমরা জনগণের পাশে আছি এবং জনগণকে সাথে নিয়েই সব ধরনের সন্ত্রাস ও সহিংসতা রুখে দেব।”
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠে সক্রিয় উপস্থিতি ও জনগণের খোঁজখবর নেওয়ায় এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 
























