
অপু দাস, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. রোকসানা বেগম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী, ফাইনালে উভয় দলের সমান ফলাফলের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, নয় দিনব্যাপী অনুষ্ঠিত এ ফুটবল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার সুযোগ তৈরি হয়। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদকের নাম 


















