
মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো:
রাঙামাটি জেলা শহরে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ সংগঠনের নেতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২২টি মামলার এক কুখ্যাত পলাতক আসামিও রয়েছে। আজ রোববার (২১ জুন) পৌরসভার বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এই অভিযানে অংশ নেয়। গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নিষিদ্ধ সংগঠন রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯) এবং রাঙামাটি পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালাম (৬১)।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা চিহ্নিত অপরাধী সজল দাশকে (৩৩) ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া অনিক (২০) নামের আরেক যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চুরির অভিযোগে মো. সোহেল (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
একই অভিযানে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান তানহা (৩৪) এবং মজিদ (২৪) নামে আরও চারজনকে আটক করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
প্রতিবেদকের নাম 



















