
মোঃ ফরহাদ হোসেন, বদলগাছী ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত সিফাত হোসেন ওই গ্রামের মোঃ আসাদুল ইসলাম কুইনের ছেলে।
জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করতো। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীকে বিয়ে করতে চায় সিফাত। তবে বয়স কম হওয়ায় এবং ওই নারীর সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা-মা প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে সে নানির বাড়িতে ছিল। তিন দিন আগে নিজ বাড়িতে আসে। রোববার দিবাগত রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় সিফাত।
আজ সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাশতা করার জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে তাকালে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে দরজা খুলে ঘরে প্রবেশ করেন। তাকে নিচে নামিয়ে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ এখন ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
প্রতিবেদকের নাম 




















