
মোহাম্মদ ইয়াসিন, সাভার: ঢাকার সাভারে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি), এবং অপর এক অভিযানে ০৩ জন অভ্যাসগত চোর সহ ০৩টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাভারের বক্তারপুর মাঝিপাড়া, হেমায়েতপুর ও ইমান্দিপুর এলাকায় অভিযানগুলো চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. তজিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৬টার দিকে সাভার মডেল থানার বক্তারপুর মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. নুর আলম (৩০) ও মো. রাকিবুল ইসলাম (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই শেখ মাসুদ আল মামুন ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় মো. আব্দুল গফুর (২৪) নামে এক ব্যক্তিকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
এরপর রাত ১২টা ৪০ মিনিটে ইমান্দিপুর এলাকায় অভিযান চালিয়ে মো. তজিবুর রহমান (৬২) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেন এসআই মো. রাশেদ মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তিনটি অভিযানে উদ্ধার করা ২৯০ পিস ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৮৭ হাজার টাকা। গ্রেপ্তার চারজনের মধ্যে নুর আলম ও রাকিবুল ইসলামের বাড়ি সাভারের পোড়াবাড়ী বেদেপল্লী ও মান্তাপাড়া এলাকায়। আব্দুল গফুরের গ্রামের বাড়ি কক্সবাজার সদর থানার পাহাড়তলী এলাকায়। তিনি বর্তমানে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় থাকতেন। তজিবুর রহমান সাভার মডেল থানার মজিদপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, মাদকের বিস্তার রোধে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের নিয়মিত অভিযান চলছে। মাদক কারবারিরা যে কৌশলেই মাদক সরবরাহ বা বিক্রির চেষ্টা করুক, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা তৎপর রয়েছি। মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে মাদক কারবারিদের পাশাপাশি মাদকের সরবরাহ ও বিস্তারের সঙ্গে জড়িতদের বিষয়েও নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার একটি চৌকস দল সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ (তিন) জন অভ্যাসগত চোরকে গ্রেফতার এবং চুরি যাওয়া ০৩ (তিন)টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিদের গ্রেফতার ও অটোরিকশাগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















