
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সকালে টুলু মিয়ার ছোট মেয়ে জুথি আক্তার ঘরের ভেতরে বাবার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে বিদেশে থাকেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার। দুজনই বিবাহিত। টুলু মিয়া বাড়িতে একাই বসবাস করতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। জুথি আক্তারের দাবি, শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 


















