
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণে দেশীয় অস্ত্র হাতে কিশোরদের অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশের বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এসবিএস ও সিটিজি নামের দুটি কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্র নিয়ে ৮ থেকে ১০ জন কিশোরের অবস্থানের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িতদের শনাক্ত করতে মাঠে নামে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের বিশেষ দল।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।কিশোর গ্যাংয়ের সহিংসতা ও দেশীয় অস্ত্রের এমন প্রকাশ্য প্রদর্শন জননিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় সচেতন মহলকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 



















