
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন দুটি অবৈধ ইটভাটায় যৌথ অভিযান চালিয়ে চিমনি ধ্বংস, চুল্লি ও ইট তৈরির মেশিন ব্যবহারের অনুপযোগী করা হয়েছে।একই সঙ্গে ভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের জন্য স্থাপিত একটি অবৈধ স’মিল উচ্ছেদ এবং বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে রামগতি উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নে মেসার্স আদর্শ ব্রিকস ও মেসার্স মিতু ব্রিকস নামের দুটি লাইসেন্সবিহীন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইটভাটা দুটির দুটি চিমনি ধ্বংস করা হয়। এ ছাড়া পানি ছিটিয়ে ও ভেঙে চুল্লিগুলো ব্যবহারের অনুপযোগী করা হয়। ধ্বংস করা হয় কাঁচা ইট ও ইট তৈরির মেশিন। পাশাপাশি ভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের জন্য স্থাপিত একটি অবৈধ স’মিল উচ্ছেদ এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
প্রতিবেদকের নাম 

















