
এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: ঢাকার পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখা। বুধবার (২৮ অক্টোবর) বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে মিছিলটি বের হয়। পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ প্লাজায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন। সমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল হালিম বেগ, রফিকুল আলম, শ্রমিক নেতা আজগর আলী ও অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দসহ অন্য নেতারা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। শহীদদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি দাবি করেন। জাতীয় স্বার্থে মামলাটি পুনরুজ্জীবিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতের সব রাজনৈতিক সহিংসতা, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
প্রতিবেদকের নাম 



















