
শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের উন্নত দেশগুলোতে বাংলাদেশি তরুণদের কাজের সুযোগ তৈরি করতে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা অর্জন এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, চাকরির চুক্তি, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে স্বচ্ছ ধারণা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় নাটোরের লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে ‘স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি জিটি গ্রুপ’-এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, “যুবসমাজ দেশের সম্পদ। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রেখে নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দক্ষিণ কোরিয়াসহ উন্নত দেশগুলোতে আমাদের তরুণদের কাজের সুযোগ বাড়লে তা দেশের অর্থনীতি ও বেকারত্ব নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সতর্ক করে বলেন, “বিদেশে কর্মসংস্থানের নামে কোনোভাবেই যেন আমাদের যুবসমাজ প্রতারণার শিকার না হয় কিংবা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কর্মসংস্থানের উদ্যোগ যেন কোনো তরুণ বা যুবকের জন্য ঝুঁকি বা দুর্ভোগের কারণ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় জিটি গ্রুপের চেয়ারম্যান পার্ক জি ইয়ং এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদুল হাসান মামুন উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজক প্রতিষ্ঠান আশা প্রকাশ করে যে, এ ধরনের উদ্যোগ কর্মপ্রত্যাশী তরুণদের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদকের নাম 


















