
নিজস্ব প্রতিবেদকঃ দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে নির্ধারিত বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে মান ও ব্যবহারিক দিক যাচাই করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছে দিনের কর্মসূচির শুরুতে বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এক প্রদর্শনীতে ছাত্রীদের মাঝে বিতরণের জন্য কয়েক মডেলের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী সেগুলো চালিয়ে দেখেন। এর আগে গতকাল মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালিয়েছিলেন তিনি।
সরকারি এ প্রকল্পের আওতায় সারাদেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ শিক্ষার্থী বাইসাইকেল পাবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের একটি করে সাইকেল দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ছাত্রীদের শিক্ষায় আরও আগ্রহী করে তোলা এবং মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার কমাতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 

























