
আহমেদ আক্তার রানা, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও ছয় মাসের শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকা মনি বেগমকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না; তিনি পলাতক ছিলেন।মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ের মধ্য দিয়ে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন।এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান তিনি। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলায় সালাউদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন।আদালতের এ রায়কে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের নাম 



















