
এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অতীতের সব ধারা পরিবর্তন করে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ ও বঞ্চিত তরুণরা যেকোনো ধরনের তদবির বা দুর্নীতি ছাড়াই নিজ যোগ্যতায় চাকরির সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। মেধা ও যোগ্যতার ভিত্তিতে রিক্রুটমেন্টে খুশি চাকরি প্রার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার বাহিনীতে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। হাজারখানেক চাকরি প্রার্থীর মধ্যে শারীরিক সক্ষমতা যাচাই, স্বাস্থ্যগত পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে মৌলিক বাছাইয়ে যোগ্যতম ব্যক্তিরা চাকরি পাবেন।
নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপে স্বচ্ছতা ও কড়াকড়ি আরোপ করা হয় বলে জানান বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক। পরে একাডেমির প্রশাসনিক ভবন মিলনায়তনে ‘আনসার বাহিনীর সংস্কার ও ভিশন ৩৬’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন আনসার বাহিনীতে নিয়োগে আগে বিভিন্ন পর্যায়ে অনৈতিকতার চর্চা ছিল সেটি সম্পূর্ণ রহিত করে যোগ্যতম ব্যক্তিদের বাহিনীর সদস্য করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 


















