
এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: শেরপুর থেকে মিনি কাভার্ডভ্যানে করে গাজীপুরে আনার পথে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৪২৯ বোতল অবৈধ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ উদ্ধার করা মদের মোট পরিমাণ ২৭৭ দশমিক ৫ লিটার। আজ শনিবার (৮ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযানটি পরিচালনা করে র্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর জেলার সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) ও মো. ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বস্ত সোর্স ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, শেরপুর জেলা থেকে একটি মিনি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাজীপুরের দিকে আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে ভবানীপুর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশি চলাকালে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে সেটি অতিক্রম করার চেষ্টা করলে র্যাব সদস্যরা গাড়িটির গতিরোধ করেন। পরে গাড়িটি তল্লাশি করে ৪২৯ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। র্যাবের হিসাবে এসব মদের পরিমাণ ২৭৭ দশমিক ৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। এ সময় কাভার্ডভ্যানে থাকা সুমন আহমেদ ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি, দুটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৯০০ টাকাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব-১ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য, জব্দ করা আলামত ও গ্রেপ্তার দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক, অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 


















