
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে কৃষি জমি রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আজ ৮ আগস্ট (শনিবার) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার ভানী ইউনিয়নের খিরাইকান্দি গ্রামে ০২ টি অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন- অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে মূল্যবান কৃষি জমি ধ্বংস হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ফসলি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
প্রতিবেদকের নাম 


















