
স্টাফ রিপোর্টার:আব্দুর রহমান মোল্লা: দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) সরজমিনে শুভাঢ্যার কাচারীপাড়া নবজাগরণ দুর্গা মন্দির, খেজুরবাগ, চণ্ডীতলা, মডেল টাউন, মালোপাড়া কালীবাড়ি, গোলামবাজার ও গোপীনাথ মন্দিরসহ এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ পরিদর্শন করে দেখা যায় এক মিলনমেলার দৃশ্য। মহামায়া দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে প্রতিটি মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক তোরণে সাজানো হয়েছে। মণ্ডপে মণ্ডপে শোভা পাচ্ছে চোখধাঁধানো প্রতিমা। সকাল থেকেই ঢাকের বাদ্য, চণ্ডী পাঠ, আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান। মণ্ডপগুলোতে দেবীর দর্শন ও আশীর্বাদ নিতে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয় পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও আয়োজকরা জানান, সার্বজনীন মিলনমেলা ও আবহমান বাংলার অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে। দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে শুভাঢ্যার খেজুরবাগ, কাচারীপাড়া, মালোপাড়া, গোলামবাজার ও চণ্ডীতলাসহ বিভিন্ন মন্দির প্রাঙ্গণ এখন এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছে।
প্রতিবেদকের নাম 

























