
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে বসতবাড়ির বারান্দা থেকে শিকল ও তালা কেটে অটোভ্যান চুরির ঘটনায় একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে চুরি করা অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাকনাই (কদমতলা) গ্রামের সাজদার রহমান (৫১), মিলন ইসলাম (২৯), আবেদ আলী (৪৫) ও শফিকুল ইসলাম (২৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকনাই গ্রামে এ চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগী শাকিল আলী (২৭) তাঁর অটোভ্যানটি বসতবাড়ির বারান্দায় শিকল দিয়ে তালাবদ্ধ করে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাতে যান।
পরদিন ১৪ অক্টোবর ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যাওয়ার সময় দেখেন, শয়নকক্ষের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো।
পরে জানালা দিয়ে বের হয়ে বাড়িতে প্রবেশ করে বারান্দায় শিকল ও তালা কাটা অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর অটোভ্যানটি সেখানে ছিল না।
চুরি যাওয়া অটোভ্যানটির আনুমানিক মূল্য ছিল ৭০ হাজার টাকা। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পর লালপুর থানায় মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এ জে মিন্টু তদন্তভার গ্রহণের পর ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে তথ্য-প্রযুক্তি ও তদন্তের সূত্র ধরে মঙ্গলবার লালপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে অটোভ্যান চুরির ঘটনায় তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদে চুরি করা অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চক্রের অন্য কেউ জড়িত কি না, চুরি যাওয়া অটোভ্যানটির ক্রেতা কে এবং বাকি টাকা কোথায়—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, “অটোভ্যান চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের কাছ থেকে চুরি করা ভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবেদকের নাম 


















