
মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি
ভোলার সদর উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় এক কোটি এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন ট্রাক ভর্তি সামুদ্রিক ইলিশ উদ্ধার করা হয়। রাতেই জব্দকৃত ট্রাক ও মাছ কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।
আজ সকালে মৎস্য বিভাগ মাছগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায়, সাগরে মাছ শিকারের নিষিদ্ধ সময়ে এই ইলিশগুলো আহরণ করা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ভূঁইয়া জানান, অভিযানে জাটকা ও ইলিশসহ মোট ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা।
আজ দুপুরে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা এসব মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
মেহেদী হাসান ভূঁইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ ট্রাক ইলিশ জব্দ করি। নিষিদ্ধ সময়ে সাগরে মাছ শিকার করায় আইন অনুযায়ী এগুলো জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে নিয়ম মেনে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















