
মোঃরাসেল বিশেষ প্রতিনিধি
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বিগত ১৮০ দিনে গৃহীত প্রচার কার্যক্রম ও উন্নয়নমূলক অর্জনের ওপর বান্দরবানের লামায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ মে ২০২৬) বিকাল ৪টায় লামা উপজেলা পরিষদ সভা কক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনস্থ লামা তথ্য অফিস (লামা-আলীকদম-নাইক্ষ্যংছড়ি)।
লামা তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন দর্শনের অংশ হিসেবে বিগত ১৮০ দিনে গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী ১,৩২১টি উঠান বৈঠক, ২০২টি মহিলা সমাবেশ, ১১,০৬৩টি চলচ্চিত্র প্রদর্শনী, ৩,২৪৮টি সড়ক প্রচার ইউনিট এবং ২,৩৯১টি অনলাইন ক্যাম্পেইনসহ নানা কর্মসূচির মাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র তৃণমূলের জনগণের সামনে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে ইশতেহার বাস্তবায়নের মূল খাতগুলোর অগ্রগতি ও স্থানীয় পরিসংখ্যান বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়:
ফ্যামিলি কার্ড কর্মসূচি: এসডিজি-র ‘Leaving no one behind’ (কাউকে পেছনে ফেলে নয়) নীতি ও সংবিধানের অনুচ্ছেদ ১৫(ঘ) অনুযায়ী এই পাইলট প্রকল্প চলছে। এর আওতায় ৪টি সিটি কর্পোরেশন, ৯টি পৌরসভা ও ৯টি উপজেলায় ৩৭,৩৫৭ জন উপকারভোগী পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। স্থানীয়ভাবে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১২টি গ্রামের ১,০৯৭ জন নারী এই সুবিধার আওতায় এসেছেন। পর্যায়ক্রমে দেশব্যাপী প্রায় ২ কোটি পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
স্মার্ট কৃষক কার্ড ও ঋণ মওকুফ: ১০টি জেলার ১১টি উপজেলায় ২২,০৬৫ জন কৃষকের মাঝে স্মার্ট কৃষক কার্ড বিতরণ চলছে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আওতায় ১,৫৬৭.১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলে প্রায় ১৩ লাখ ১৭ হাজার কৃষক উপকৃত হবেন। লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে যথাক্রমে ৪৮৭, ৬৬১ ও ১২২ জন কৃষকের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে।
খাল খনন ও বনায়ন: বিগত ১৮০ দিনে ১,২০৪ কিলোমিটার খাল খনন/পুনঃখনন করা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আরও ১,৩০০ কিলোমিটারের কাজ চলছে। আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল ও নদী খননের লক্ষ্যমাত্রা রয়েছে। পাশাপাশি, ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন করা হয়েছে।
নারীর ক্ষমতায়ন ও অন্যান্য উদ্যোগ: ঢাকার গণপরিবহনে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় ‘ই-হেলথ কার্ড’ পাইলট প্রকল্প চালু হয়েছে। শিক্ষা ক্ষেত্রে ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে ৯,১০২ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন সরকারের এই উন্নয়নমূলক ও কল্যাণমুখী কার্যক্রমের সঠিক চিত্র প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেল সরকারের উন্নয়ন প্রচারণায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ব্রিফিংয়ে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এলাকার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


















