
লিটন ত্রিপুরা, রুমা প্রতিনিধি, বান্দরবান
বান্দরবানের রুমা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও স্থানীয় উন্নয়নের গতিধারা বজায় রাখতে আগামীকাল বুধবার (৬ মে) এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দিচ্ছেন ৩০০ নং নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব সাচিংপ্রু জেরী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। বিশেষ করে দুর্গম এই পাহাড়ি জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৃণমূল পর্যায়ের কারবারি ও হেডম্যানদের ভূমিকা এবং সরকারি দপ্তরগুলোর কাজের স্বচ্ছতা নিয়ে দিকনির্দেশনা দেবেন সংসদ সদস্য। উক্ত মতবিনিময় সভায় রুমা উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় হেডম্যান, কারবারি (পাড়া প্রধান) এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এছাড়া স্থানীয় সংবাদকর্মীদেরও সভায় উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, সংসদ সদস্যের এই সফর এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সম্পৃক্ততা আরও বৃদ্ধি করবে। সভার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্ট সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 


















