
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: গ্যাস সংকট, অব্যাহত লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁর মান্দায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদল স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও পরানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, উপজেলা কর্মপরিষদ সদস্য ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেছুর রহমান কামরুল, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। একই সঙ্গে গ্যাস সংকট, ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ভুতুড়ে বিদ্যুৎ বিলের কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। নেতৃবৃন্দ অবিলম্বে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধ এবং গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
প্রতিবেদকের নাম 

















