
শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইডি হ্যাকিং ও অনলাইন প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নওপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। স্থানীয় কুতুব মন্ডলের নির্মাণাধীন একটি ঘর থেকে অভিযুক্ত মোঃ হৃদয় আহম্মেদকে (২৪) হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় নওপাড়া এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অভিযুক্ত মোঃ মিনারুল ইসলাম ওরফে মধু (২২) সুকৌশলে পালিয়ে যায়। পলাতক মিনারুল একই এলাকার কুতুব মন্ডলের ছেলে।
লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় ধৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ১৭(২)(খ) /২১(২)/ ২২(২)/২৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
প্রতিবেদকের নাম 



















