
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্য অর্জনে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকারসহ কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই আমি গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সাহসের সঙ্গে এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের ভুলগুলো ধরিয়ে দিন। আপনাদের এই গঠনমূলক সমালোচনা আমাদের সঠিক পথে চলতে সহায়তা করবে।’
গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এই প্রথম দেশের গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে একটি প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে। আমি বিশ্বাস করি, এই ঐক্যবদ্ধ উদ্যোগের সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে, যা দেশের গণমাধ্যম শিল্পের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করবে।’
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান স্পষ্ট করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রক হিসেবে নয়, বরং একজন সমন্বয়কারী হিসেবে কাজ করতে চাই। স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে একটি কার্যকর পথরেখা (Roadmap) তৈরি করতেই সরকার কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে গণমাধ্যম খাতের নীতিনির্ধারক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। তারা জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের বিষয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
প্রতিবেদকের নাম 

























