
আবদুল আজিজ সায়েম,কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যের বাণী ও ধর্মীয় সম্প্রীতির আদর্শকে সমাজে ছড়িয়ে দিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘ধর্মীয় সম্প্রীতির-নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, ঢাকার যৌথ আয়োজনে ও বসুরহাট পাঠাগারের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক মোঃ লতিফুল ইসলাম শিবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হাকিম, চট্টগ্রাম কাজী নজরুল সঙ্গীত পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী গোলামুর রহমান রোমেল এবং বসুরহাট পাঠাগারের সাধারণ সম্পাদক, কবি ও সাহিত্যিক গোলাম কিবরিয়া। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিভার্সিটি ক্লাবের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হাই সেলিম, চৌধুরীহাট ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল্লাহ সোহাগ এবং বসুরহাট পাঠাগারের প্রধান উদ্যোক্তা শাহাদাত সোহাগ।
অনুষ্ঠানের শুরুতে বসুরহাট পাঠাগারের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাইসা ভূঁঞা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য, সংগীত ও চিন্তাচেতনায় সাম্য, মানবতা ও ধর্মীয় সহনশীলতার যে শিক্ষা দিয়েছেন, তা বর্তমান সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। তারা নজরুলের বিখ্যাত উক্তি— “গাহি সাম্যের গান— মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”—এর আলোকে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জাতীয় কবির কালজয়ী গান, কবিতা ও অসাম্প্রদায়িক চেতনাভিত্তিক পরিবেশনার মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা নজরুলসংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















