
মোহাম্মদ ইয়াসিন, সাভার: ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় মো. আমিনুল ইসলাম নিলয় (২৬) নামে স্বেচ্ছাসেবক লীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার(২৮ অক্টোবর) সকালে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ।
এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করেন গ্রেফতারকৃত নিলয়ের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তার মো. আমিনুল ইসলাম নিলয় ঢাকার আশুলিয়ার পানধোয়া এলাকার মো. সাইফুল ইসলাম (ড্রাইভার) ও রুমা আক্তারের ছেলে। তিনি পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়নের অনুসারী ছিলেন এবং পাথালিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলা চালানোর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নিলয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে হামলা চালানোসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ৬ মে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে নিলয়সহ পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়াও ধর্ষণ, নারী নির্যাতন ও মাদকসংক্রান্ত মামলার পাশাপাশি চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাসংক্রান্ত বিষয়গুলো আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 


















