
শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় প্রতিরোধ, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং গুড ফার্মেসী প্র্যাকটিসেস (Good Pharmacy Practices) সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট, ২০২৬) দুপুর ১২টায় লালপুর শ্রী সুন্দরী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের আয়োজনে এবং লালপুর ওষুধ ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা ওষুধের গুণগত মান বজায় রাখা এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সঠিক নিয়ম মেনে ফার্মেসী পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। বাজারে কোনো প্রকার নকল, ভেজাল বা আনরেজিস্টার্ড ওষুধ না রাখার বিষয়ে ব্যবসায়ীদের কঠোর নির্দেশ প্রদান করা হয়।
মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় সম্পূর্ণ বন্ধ করা এবং তা অবিলম্বে আলাদা সংরক্ষণ করে যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসের কথা বলা হয়। চিকিৎসকের পরামর্শ ও প্রিসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ এবং এর অনিয়ন্ত্রিত ব্যবহার রোধে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। গুড ফার্মেসী প্র্যাকটিসেস (GPP) অনুসরণের মাধ্যমে ওষুধের সঠিক তাপমাত্রা বজায় রাখা ও আধুনিক উপায়ে ওষুধ বিক্রয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সভায় স্থানীয় ওষুধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ফার্মেসীর মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















