
পারভেজ হাসান (শাওন)স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সামাজিক দাবি ও বহুল প্রতীক্ষিত দুই সেতু নির্মাণের প্রশাসনিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সরকারি সফরের পরেই পুরাতন ব্রহ্মপুত্র নদে এই জোড়া সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে (স্মারক নং:০৩.০০.২৬৯০.০০০.০০৫.১৪.০০০১.২৬-৭৮১) স্থানীয় সরকার বিভাগের সচিবকে এই নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৬ আগস্ট ২০২৬ (রবিবার) সরকারি সফরকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী দুটি সেতু নির্মাণের বিষয়ে সানুগ্রহ প্রতিশ্রুতি দেন। প্রস্তাবিত সেতু দুটি নির্মাণ করা হবে:
* ১| পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর মুনিয়াকান্দা হতে দত্তের বাজার পর্যন্ত।
* ২| মির্জাপুর হতে টাংগাবর পর্যন্ত।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সরকারি ওই নির্দেশে স্থান দুটিতে দ্রুত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ চিঠির অনুলিপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই দুই সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ায় পাকুন্দিয়াসহ আশেপাশের অঞ্চলে আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী মনে করছেন, সেতু দুটি বাস্তবায়িত হলে নদের দুই পাড়ের সহজ যোগাযোগের পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য পরিবহন ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
প্রতিবেদকের নাম 



















