
এম. আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।
‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য চাষ ও উৎপাদন বৃদ্ধি, মাছের নিরাপদ প্রজনন এবং মৎস্যসম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বাড়াতে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নিরাপদ ও পরিবেশবান্ধব মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


















