
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বথুয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এবং ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,ধুনটের পশ্চিম অফিসারপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান শাওন (৩০), মাটিকোড়া গ্রামের মো. মুনসুর আলম খান সেলিমের ছেলে সাজ্জাদ খান স্বরণ (২২), বথুয়াবাড়ী গ্রামের মৃত আজিবর শেখের ছেলে মঞ্জু শেখ (৪০), ধুনট সদরপাড়ার মৃত শাহাজান আলীর ছেলে ওয়াসিম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে বদিরুজ্জামান (৪৫)।
তাদের কাছ থেকে নয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের রায়ে মেহেদী হাসান শাওনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর চারজন সাজ্জাদ খান স্বরণ, মঞ্জু শেখ, ওয়াসিম ও বদিরুজ্জামানকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া নয় পিস ইয়াবা ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
প্রতিবেদকের নাম 


















