
আনছারুল হক, স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের মেরামত কাজ চলছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক কাজ শুরু করেন। কাজ করার একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিবেদকের নাম 
























