
এন এস ফারুক স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনা এবং অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতা বশীর মাহমুদ আলিফকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত পৌনে ১১টার দিকে তারাগঞ্জ থানার নতুন চৌপতি মহাসড়ক সংলগ্ন ডালিয়া ক্যানেল ব্রিজ এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বশীর মাহমুদ আলিফ নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মৃত আজমীর হোসেনের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তারাগঞ্জ থানার এসআই মাহবুব হোসেনের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সূত্রে খবর আসে, ডালিয়া ক্যানেল ব্রিজের পাশে মোটরসাইকেল ও টর্চের আলো জ্বালিয়ে একদল যুবক সাইবার স্পেসে ক্যাসিনো, অনলাইন জুয়া এবং ভুয়া ভিসা দেওয়ার নামে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে।
খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে অনলাইন জুয়া ও আন্তর্জাতিক ভিসা প্রতারণায় পারদর্শী বশীর মাহমুদ আলিফকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে বশীরের দেহ তল্লাশি করে জুয়া ও ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং বিপুল পরিমাণ ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশীর প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে এবং তার পলাতক সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করেছে। তারাগঞ্জ থানা পুলিশ জানায়, এই ঘটনায় আজ বুধবার (১ জুলাই) গ্রেফতারকৃত বশীর ও তার সহযোগীদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 
















